ঋণ নেওয়ার পর কিছু মানুষ পরিশোধের ক্ষেত্রে উদাসীন হয়ে যায়। তাদের ক্ষেত্রে কঠোর হওয়ার যেমন বৈধতা রয়েছে; তেমনি যারা অসচ্ছলতার দরুন ঋণ পরিশোধে সক্ষম হচ্ছে না তাদেরকে সময় দেওয়ার কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘এবং কোনো (দেনাদার) ব্যক্তি যদি অসচ্ছল হয়, তবে সচ্ছলতা লাভ পর্যন্ত (তাকে) অবকাশ দেওয়া উচিত। আর যদি সদকা করে দাও, তবে তোমাদের পক্ষে সেটা অধিকতর শ্রেয়, যদি তোমরা উপলব্ধি করো’ (সুরা বাকারা : ২৮০)। হাদিস শরিফে এসেছে, অসচ্ছল ব্যক্তিদের ঋণ পরিশোধে যতদিন সময় দেবে সে ততদিন সদকার সওয়াব পেতে থাকবে। রাসুল (সা.) বলেন, ‘যে গরিবকে (তার ঋণ আদায়ে) সময় দেবে, সে প্রতিদিন সদকা দেওয়ার মতো সওয়াব পাবে। আর যে ব্যক্তি তার মেয়াদ চলে যাওয়ার পরও তাকে সময় দেবে, সে প্রতিদিন সেই ঋণের সমপরিমাণ সদকা করার সওয়াব পাবে’ (ইবনে মাজ : ২৪১৮)।